1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

 | 09.01.2009 | 09:00 UTC

পাকিস্তানে জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে পাকিস্তানে রয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে জো বাইডেন পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে প্রকাশ৷ তবে এই সফরে জো বাইডেন দক্ষিণ এশিয়ার কোন কোন দেশ সফর করবেন তা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে৷ অবশ্য বিশ্লেষকদের অভিমত, দক্ষিণ এশিয়া সফরে এসে মার্কিন কর্মকর্তারা সাধারণত আফগানিস্তান সফর করেন৷ আর যে কোন মার্কিন কর্মকর্তার পাকিস্তান সফরের পর ভারত সফরে না যাওয়াটা বেশ বিরল ঘটনা৷ আর তাই এই দুই দেশে জো বাইডেন যেতে পারেন- ধরে নিচ্ছেন অনেকেই৷

সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রবার্ট উড বাংলাদেশে সদ্য সমাপ্ত সফল জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন৷ উড বলেছেন, বাংলাদেশের নির্বাচন দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ৷ ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন উড৷ শুক্রবার বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই তথ্য৷

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী৷ শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই তথ্য৷ প্রণব বলেছেন, সেই দিন বেশি দূরে নয়, যখন রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন৷ আগামী মে মাসের ভারতের জাতীয় নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা৷ ৩৮ বছর বয়স্ক রাহুল গান্ধীকে বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে দেখা হচ্ছে৷ প্রসঙ্গত, রাহুলের বাবা রাজিব গান্ধী মাত্র ৪০ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন৷ রাহুল গান্ধীও সেই ধারা অনুসরণ করবেন বলে মত প্রণব মুখোপাধ্যায়ের৷

যুক্তরাষ্ট্রের প্রয়োজন কর হ্রাস করা ও পরিবেশমুখী অর্থনীতি

মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে কর হ্রাস ও দ্রুত একটি পরিবেশমুখী অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা৷ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র ১২ দিন আগে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে দেওয়া ঐ ভাষণে, ওবামা কংগ্রেস ও মার্কিন জনসাধারণের উদ্দেশ্য অন্ততপক্ষে ৭৭৫ বিলিয়ন ডলার মূল্যের একটি বিল সমর্থন করার অনুরোধ জানান৷ এছাড়াও, শ্রমজীবী পরিবারের প্রায় ৯৫ শতাংশের ক্ষেত্রে ১০০০ ডলার কর কমানোর প্রতিশ্রুতি দেন তিনি৷ একইসঙ্গে আগামী তিন বছরে বিকল্প জ্বালানীর উৎপাদন দ্বিগুণ করার কথাও জানান ওবামা৷

একটি অর্থনৈতিক পরিষদ গঠনের আহ্বান ম্যার্কেলের

জাতিসংঘের সনদের আওতায়, একটি অর্থনৈতিক পরিষদ গঠনের জন্যে আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্থ সম্মেলনে বক্তব্য রাখার সময়, বিশ্ব আর্থিক সংকট মোকাবিলায় এমনই একটি পরিষদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ম্যার্কেল৷ তিনি বলেন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাশাপাশি একটি অর্থনৈতিক পরিষদও গঠন কার যায় কিনা – এ ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি৷ ম্যার্কেল বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ বা বিরাজমান অন্যান্য প্রতিষ্ঠানগুলি বিশ্ব অর্থ বাজার যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে৷

কমার্সব্যাংকের ২৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পরিকল্পনা

বিশ্ব আর্থিক সংকটের ধাক্কায় রপ্তানির পরিমাণ হ্রাস পেয়েছে জার্মানিতে৷ দেশটির পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত নভেম্বরে জার্মানিতে রপ্তানির পরিমাণ কমে গেছে প্রায় ১০ দশমিক ৬ শতাংশ৷ ২০০৭ সালের নভেম্বরের তুলনায় যা কিনা প্রায় ১২ শতাংশ কম৷ উল্লেখ্য, ১৯৯০ সালে পশ্চিম ও পূর্ব জার্মানি এক হওয়ার পর, এটা সবচেয়ে বড় এবং নাটকীয় পতন বলে মন্তব্য করেছেন কমার্সব্যাংকের অর্থনীতিবিদ ইয়োর্গ ক্রেমার৷ এদিকে, কমার্সব্যাংকের প্রায় ২৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পরিকল্পনা করছে জার্মান সরকার৷ এমনটা হলে কমপক্ষে ১০ বিলিয়ন ইউরো নগদ অর্থ উঠে আসবে কমার্সব্যাংকের হাতে৷



 

DW-TV EUROPE live

Journal (deutsch) - Mit Tagesthema