| 03.12.2008 | 16:00 UTC
সন্দেহভাজনদের খুঁজে বের করতে পাকিস্তানের প্রতি রাইসের আহ্বান
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিসা রাইস মুম্বাই ঘটনায় সন্দেহভাজনদের দ্রুত খুঁজে বের করার কাজে সহায়তা করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি এখন নতুন দিল্লি সফরে রয়েছেন৷ মুম্বাই -এ ধৃত সন্ত্রাসী হামলাকারীর বয়ান অনুসারে ভারতের দাবি, এই ঘটনায় অংশগ্রহণকারী সব সন্ত্রাসী পাকিস্তান থেকে এসেছে এবং তারা সেখানেই প্রশিক্ষণ নিয়েছে৷ এদিকে, ভারতীয় পুলিশ জানিয়েছে, তারা মুম্বাই রেলওয়ে স্টেশনে একটি বোমা উদ্ধার করেছেন এবং সেটিকে নিস্ক্রিয় করে দিয়েছেন৷ কনডোলিসা রাইস বলেন, আমি পাকিস্তান সরকারকে ইতিমধ্যেই একটি বার্তা পাঠিয়েছি এবং সে-বার্তা তাঁরা অনুকূল দৃষ্টিভঙ্গি নিয়েই গ্রহণ করেছেন৷ বার্তাটি হচ্ছে, এই সব সন্ত্রাসী কাজের পিছনে যারা আছে তাদের অবশ্যই বিচার করতে হবে৷ সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে তথ্য সংগ্রহের জন্য তারা সব কিছু করছে৷ যাতে আরো হামলা আগেভাগে রোধ করা যায়৷ যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বুধবার পাকিস্তান সফরে ইসলামাবাদে পৌঁছেছেন৷ মুম্বাই হামলা নিয়ে পাক-ভারত উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টা নেওয়াই তার এ সফরের লক্ষ্য৷








