1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

চলতি ঘটনা  | 12.03.2010

ইরাকে মালিকি আলাউয়ি এগোচ্ছেন সমানে সমানে

 

ইরাকের সংসদীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল যে রকম ইঙ্গিত দিচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি৷ প্রধানমন্ত্রী মালিকি এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আলাউয়ির মধ্যেই এই লড়াই জোরদার৷

 

একদিকে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ‘স্টেট অফ ল’ জোট আর অন্যদিকে ধর্মনিরপেক্ষ ‘ইরাকিয়া অ্যালায়েন্স’, যার শীর্ষ নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াদ আলাউয়ি৷ এই দুটি জোটের মধ্যেই মূলত সদ্যসমাপ্ত ইরাকের সংসদীয় নির্বাচন আবর্তিত হচ্ছে যে তা স্পষ্ট হয়ে গেছে৷ রাজধানী বাগদাদের নির্বাচন কমিশন থেকে ভোটগণনার প্রাথমিক যেটুকু ফলাফল মিলেছে এ পর্যন্ত, তাতে বোঝা যাচ্ছে, বাগদাদের দক্ষিণের দুটি শিয়াপন্থী প্রদেশে বেশ ভালো ফলাফল করেছেন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি৷ আর উত্তরের দুটি প্রদেশ দিয়ালা আর সালাউদ্দিনে এগিয়ে রয়েছে আলাউয়ির জোট৷ নির্বাচন কমিশন জানাচ্ছে, মোট ১৮টি প্রদেশের নির্বাচনের সম্পূর্ণ ফলাফল পেতে পেতে অন্তত দুই সপ্তাহ লেগে যাবে৷ তবে ফলাফল যে ত্রিশঙ্কু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সে বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে প্রাথমিক গণনা থেকেই৷

ইরাকের এবারের নির্বাচনের ফলাফল যে ত্রিশঙ্কু হবে সে বিষয়ে আগাম মন্তব্য করেছিলেন পর্যবেক্ষকরা৷ কোন একটি দল ইরাকে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না যে, তা আগেই বোঝা যাচ্ছিল৷ যার অর্থ, নির্বাচনের ফলাফল পাওয়ার পর সরকার গড়তে প্রচুর টালবাহানা হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে৷ খুব সহজ হবে না সরকার গঠনের বিষয়ে বোঝাপড়ায় পৌঁছনো, বলছেন পর্যবেক্ষকদের অধিকাংশই৷ভোটগণনার কাজ এগোচ্ছে জোরকদমে৷ বাগদাদের একটি ভোটগণনাকেন্দ্রের ছবি৷Bildunterschrift: ভোটগণনার কাজ এগোচ্ছে জোরকদমে৷ বাগদাদের একটি ভোটগণনাকেন্দ্রের ছবি৷

ভোটগণনা নিয়েও ইতিমধ্যে বেশকিছু অভিযোগ উঠতে শুরু করেছে ইরাকে৷ মালিকির অন্যতম প্রধান চ্যালেঞ্জার আলাউয়ির ‘ইরাকিয়া অ্যালায়েন্স’-এর তরফে অসংখ্য দুর্নীতি এবং কারচুপির অভিযোগ করা হয়েছে৷ আলাউয়ির দলের দাবি, বহু জায়গাতে ব্যালট পেপার বদলে দেওয়া হয়েছে৷ বিশেষ করে যেসব জায়গায় ‘ইরাকিয়া অ্যালায়েন্স’-এর শক্ত ঘাঁটি, সেইসব এলাকার আসল ব্যালটবক্স বেমালুম বদলে দিয়েছে মালিকির সমর্থকরা৷ ফলে ফলাফল আদৌ সন্তোষজনক হবে বলে মনে করছে না আলাউয়ির দল৷ এবং সেরকম হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুমকি দিয়েছে ‘ইরাকিয়া অ্যালায়েন্স’৷

নির্বাচন কমিশন সূত্রে একটি বিবৃতি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে বৃহস্পতিবার৷ কমিশন জানিয়েছে, নির্বাচনে দুর্নীতি এবং কারচুপির যে সমস্ত অভিযোগ তারা পেয়েছে সেসবই খতিয়ে দেখা হবে৷ যদিও নির্বাচন কমিশনের অফিসাররা ভোটগণনার কাজের বিপুল বহর দেখে হতবাক৷ মোট ৩২৫টি সংসদীয় আসনের জন্য এবারের নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছেন ৬২০০ জন প্রার্থী৷ ভোট পড়েছে প্রায় ৬২ শতাংশ৷ এই বিপুল পরিমাণে ভোটগণনার কাজ যথেষ্ট বিস্মিত করে দিয়েছে নির্বাচন কমিশনের কর্মীদেরই৷ যদিও গণনার কাজ পরিকল্পনামত দুই সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছে কমিশন সূত্র৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - জাহিদুল হক

 
 

আমাদের ই-মেল পাঠান »অন্যদের পাঠান »প্রিন্ট করুন »

Weitere Schlagzeilen

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান


 
প্রাত্যহিক অনুষ্ঠান

অন্যান্য ভাষা

দক্ষিণ এশিয়ার জন্য ডয়চে ভেলের অন্যান্য ভাষায় ওয়েবসাইট

  • বাইরের ওয়েবসাইটের বিষয়বস্তুর জন্য ডয়চে ভেলে দায়ী নয়